পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র। পুলিশ জানিয়েছে, স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনি এলাকায় একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও শিশু ও মানুষ চাপা পড়ে থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

আসিম আরও জানান, বেশিরভাগ শিশুই মাথায় আঘাত পেয়েছে। অনেক অভিভাবক হাসপাতালে এসে জড়ো হয়েছেন এবং ভিড় নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছে।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, শিশুদের বয়স ছয় থেকে ১২ বছরের মধ্যে। ঘটনার পর এলআরএইচে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিবিসি উর্দুর সংবাদদাতা বিলাল আহমেদ জানান, পেশোয়ারের কর্তৃপক্ষ দুপুরের দিকে জানিয়েছে যে স্কুল ভবন ধসে পড়ার পর উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে সেখানে এখনো ধ্বংসস্তূপ পড়ে আছে।

তিনি জানিয়েছেন, স্কুলটি একটি দোতলা ভবনে অবস্থিত। ভবনটিতে প্রচলিত পদ্ধতিতে তৈরি ছাদের বদলে প্রিফ্যাব্রিকেটেড ছাদ ছিল বলে মনে হচ্ছে। ধ্বংসাবশেষ দেখে ধারণা করা যায়, ওপরের একটি কক্ষের ছাদের ধ্বংসাবশেষ নিচে পড়ার পর সেটিই নিচতলায় দ্বিতীয় শ্রেণির শিশুদের ওপর গিয়ে পড়ে।

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পুরো জাতি স্তম্ভিত হয়ে পড়েছে। প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 17 =