পুরুষতন্ত্র ও মাতৃত্ব নিয়ে শুভশ্রীর বার্তা ঘিরে আলোচনা, জল্পনায় ভক্তরা

টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরুষতন্ত্র, সন্তান লালন-পালন এবং কর্মজীবী মায়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে তার শেয়ার করা একটি বার্তা ঘিরে নানা জল্পনা ছড়ালেও এ বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি।

শুভশ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী রত্না পাঠক শাহের একটি বক্তব্য শেয়ার করেন। সেখানে বলা হয়, পুরুষরা নিজের সন্তানদের দেখাশোনা করলে সমাজ তাদের প্রশংসা করে, অথচ একজন মা কাজের প্রয়োজনে সন্তানকে বেবিসিটারের কাছে রেখে গেলে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। পাশাপাশি উল্লেখ করা হয়, পুরুষতান্ত্রিক মানসিকতা শুধু নারীদেরই নয়, পুরুষদের দায়িত্ববোধকেও ক্ষতিগ্রস্ত করে।

এই পোস্ট সামনে আসার পর সামাজিক মাধ্যমে অনেকেই এর সঙ্গে শুভশ্রী ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর ব্যক্তিগত জীবনকে যুক্ত করে নানা ব্যাখ্যা দিতে শুরু করেন। সম্প্রতি শুভশ্রীর পোস্টে রাজের অনুপস্থিতি নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা দেখা যায়।

তবে রাজ বা শুভশ্রী—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা নেই। জানা গেছে, চলতি বছরের মে মাসের পর থেকেই রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেকটাই দূরে রয়েছেন। ফলে শুভশ্রীর পোস্টে তার প্রতিক্রিয়া না থাকাকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই বলেই মনে করছেন ঘনিষ্ঠরা।

অন্যদিকে, অনেক অনুরাগীর মতে, শুভশ্রীর পোস্টটি একজন কর্মজীবী মা হিসেবে সমাজে প্রচলিত দ্বৈত মানদণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা হিসেবেই দেখা উচিত। দুই সন্তানের মা শুভশ্রী দীর্ঘদিন ধরেই মাতৃত্ব ও অভিনয়জীবন সমানতালে সামলে আসছেন এবং সন্তান জন্মের অল্প সময়ের মধ্যেই তিনি আবারও শুটিংয়ে ফিরেছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − five =