প্রিয়াঙ্কাকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কারিনা কাপুর

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সহশিল্পী ও দীর্ঘদিনের বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ৪৪তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি প্রিয়াঙ্কাকে “অসাধারণ” বলে অভিহিত করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। আইএএনএস

কারিনা ইনস্টাগ্রামে ‘কফি উইথ করণ’-এর একটি পুরোনো সাদা-কালো ছবি পোস্ট করে লেখেন, “অসাধারণ পিসিকে (প্রিয়াঙ্কা চোপড়া) জন্মদিনের শুভেচ্ছা। তোমার জন্য আকাশই সীমা। দারুণ একটি দিন কাটুক।”

ছবিটি ২০১৮ সালে প্রচারিত ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমের, যেখানে বহু বছর পর একই মঞ্চে হাজির হয়ে অতীতের সব গুঞ্জনের অবসান ঘটান কারিনা ও প্রিয়াঙ্কা। ওই পর্বে তাদের হাস্যরসপূর্ণ কথোপকথন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছিল।

একসময় বলিউডে কারিনা ও প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে নানা প্রতিদ্বন্দ্বিতার খবর শোনা গেলেও সময়ের সঙ্গে সেই দূরত্ব অনেকটাই ঘুচে গেছে। শুরুর দিকের এক পর্বে কারিনা প্রিয়াঙ্কার উচ্চারণ নিয়ে মন্তব্য করেছিলেন। পরে প্রিয়াঙ্কাও রসিকতার ছলে তার জবাব দেন। তবে পরবর্তীতে দুজনই স্পষ্ট করেন যে, তাদের মধ্যে কোনো তিক্ততা নেই।

উল্লেখ্য, ২০০৪ সালে আব্বাস-মাস্তান পরিচালিত ‘আইতরাজ’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে প্রিয়াঙ্কা নেতিবাচক চরিত্র সোনিয়া রায় এবং কারিনা প্রিয়া মালহোত্রা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + three =