বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করবে ইইউ

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আশ্বাস দেন। খবর বাসস

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি বলেন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে। বিশেষ করে নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক। ইতোমধ্যে আমদানি নীতি আদেশ মতামত প্রদানের জন্য ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গঠনমূলক আলোচনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান বাধা দূরীকরণে বাংলাদেশ সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু জটিল বিষয় সমাধানে সময় লাগলেও সেগুলোর টেকসই সমাধান নিয়ে গভীরভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামত দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − eleven =