সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে ছবিও প্রকাশ করেছেন। তবে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে শাড়ি পরা অবস্থায় দেখা যায় তাকে। তবে বরকে দেখা গেলেও তার মুখটি পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন অভিনেত্রী।
সঙ্গে লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

তবে এক দিন যেতে না যেতেই, নেটিজেনদের অনেকে বলছেন, এক অনলাইন অ্যাক্টিভিস্টকে বিয়ে করেছেন পারশা। যার নামের আদ্যাক্ষর ‘আ’। ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা বিভিন্ন ছবি এবং তথ্যের সূত্র ধরে নেটিজেনরা এ দাবি করছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি পারশা।