বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় হলান্ড – নরওয়ের গোলমেশিন

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হলান্ড বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলদাতায় পরিণত হয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়েকে দীর্ঘ ২৮ বছর পর মূল পর্বে ফিরিয়ে আনার পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়েও রয়েছে নানা চমকপ্রদ তথ্য।

২০০০ সালের ২১ জুলাই ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া হলান্ডের বাবা সাবেক নরওয়েজিয়ান ফুটবলার আলফ-ইঙ্গে হলান্ড। ছোটবেলায় পরিবার নিয়ে নরওয়ের ব্রিন শহরে ফিরে যান তিনি এবং সেখানেই ফুটবলে হাতেখড়ি।

মাত্র ২৪ বছর বয়সেই হলান্ড নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে ৫৯ গোল করে তিনি কিংবদন্তি ইয়র্গেন ইউভের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন। বিশ্বকাপ বাছাইপর্বেও ১৬ গোল করে নরওয়েকে মূল আসরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১৯ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচেই ৯ গোল করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন হলান্ড। একই বছর অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন।

এরপর বরুসিয়া ডর্টমুন্ড হয়ে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন। এছাড়া মাত্র ১১১ ম্যাচে ১০০ প্রিমিয়ার লিগ গোল এবং ৪৯ ম্যাচে ৫০ চ্যাম্পিয়ন্স লিগ গোল করে ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হওয়ার কৃতিত্বও অর্জন করেন।

চলতি বছর পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে রয়েছেন হলান্ড। মাঠের বাইরেও কঠোর খাদ্যাভ্যাস, ফিটনেস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত রিকভারি রুটিনের জন্য পরিচিত এই নরওয়েজিয়ান তারকা। ফুটবলার হওয়ার আগে কৈশোরে বন্ধুদের সঙ্গে একটি র‌্যাপ গান প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন তিনি।

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই জোড়া গোল করা হলান্ডকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার নেতৃত্বে নরওয়ে এবার বিশ্বমঞ্চে নতুন স্বপ্ন দেখছে।

আজকের ম্যাচেও তার জোড়া গোলের সুবাদে ব্রাজিল বিদায় নিয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে। ফিফা বিশ্বকাপ ২০২৬ এ তার মোট গোলের সংখ্যা ৫টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 11 =