বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে আবারও ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের জন্য আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে এগিয়ে যায় নরওয়ে। ব্রাজিলের হয়ে শেষ দিকে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নেইমার। তবে তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচ শেষে ভিনিসিউস বলেন, “টুর্নামেন্ট থেকে বিদায় মেনে নেওয়া সবসময়ই কঠিন। এই মুহূর্তে ভাষায় অনুভূতি প্রকাশ করা কঠিন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি এবং নিজেদের সেরাটা খেলতে ব্যর্থ হয়েছি।”
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং একই সঙ্গে দুঃখিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে আমরা লড়াই চালিয়ে যাব।”
২০০২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবারও সেই হতাশার পুনরাবৃত্তি হলো। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে শিরোপার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত শেষ ষোলোতেই থেমে গেল সেলেসাওদের অভিযান।