রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টা ২০মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুত সরবরাহ শুরু হয়।

রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩শ’ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুত ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এরআগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে প্রায় সাড়ে ৮ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই দফায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০মিনিটে গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের (এফজিসি) সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিডে সংযোগ দেয়া হয়েছে। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা ও সংকট বিবেচনায় এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুত পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুত ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রিড সংযোগ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হওয়ার অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে উৎপাদনে চলে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা পর্যায়ক্রমে শতাভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্রে ১ হাজার ২শ’ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দু’টি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪শ’ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সরবরাহ কার্যক্রম দেশের পরমাণু বিদ্যুত উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 17 =