ঢাকা, ৭ আগস্ট: ফুটবলে এখন গোল, ট্রফি ও ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি তারকাদের বাণিজ্যিক সাফল্যও আলোচনার বড় বিষয়। আর এই দৌড়ে সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফোর্বসের হিসাবে, গত ১২ মাসে পর্তুগিজ তারকার আয় প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭১০ কোটি টাকা। টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ডলার।
রোনালদোর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা গত এক বছরে আয় করেছেন প্রায় ১৪ কোটি ডলার এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন ডলার।
নতুন প্রজন্মের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের গত ১২ মাসের আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার। এরপর রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড—তার আয় প্রায় ৮ কোটি ডলার। সেরা পাঁচে থাকা আরেক তারকা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের আয় প্রায় ৬ কোটি ডলার।
রোনালদোর বিশেষত্ব শুধু মাঠের সাফল্যে নয়; ফুটবল, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ব্যবসাকে একত্র করে তিনি নিজেকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছেন। এমবাপে, হালান্ড ও ভিনিসিয়ুসও এখন মাঠের পাশাপাশি বাণিজ্যিক পরিচয় গড়ে তুলছেন।
ফলে রোনালদো-মেসি যুগের পর ফুটবলের বাণিজ্যিক রাজত্ব কে দখল করবেন—সেই দৌড়ে এমবাপে, হালান্ড ও ভিনিসিয়ুসের নামই এখন সবচেয়ে বেশি আলোচিত।