‘সীতা’ সেজে পুরোনো ছবি শেয়ার করে আবারও আলোচনায় কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ-এর প্রথম ঝলক প্রকাশের পর যখন সীতার চরিত্রে সাই পল্লবীকে নিয়ে নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত ছবিতে কঙ্গনাকে লাল শাড়ি পরে সীতার সাজে দেখা যায়। ছবিতে তার পাশে রামের পোশাকে এক সহপাঠী এবং হনুমানের সাজে আরেক শিক্ষার্থীও ছিলেন। তিনি পোস্টে সহপাঠীদের নাম ও স্কুলের নামও উল্লেখ করেন। পরে একই অনুষ্ঠানের আরেকটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে খোলা চুলে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে কঙ্গনা লেখেন, “আমার আশীর্বাদ সকল উদারপন্থীদের জন্য।” সঙ্গে একটি হাসির ইমোজিও যোগ করেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এর আগে সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা। তিনি দাবি করেছিলেন, এ ধরনের প্রতিবাদের ধরন ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি আন্দোলনকারীদের আচরণ নিয়ে করা তার কঠোর মন্তব্যও ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

পর্যবেক্ষকদের মতে, কঙ্গনার সর্বশেষ পোস্টটি রামায়ণ চলচ্চিত্রকে ঘিরে চলমান আলোচনার মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট ও মন্তব্য নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − six =