সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢল, ইউরোপজুড়ে রাজনৈতিক ও সীমান্ত নিরাপত্তা উদ্বেগ

ঢাকা, ১ আগস্ট ২০২৬ – স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় মাত্র তিন দিনেরও কম সময়ে মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ ইউরোপজুড়ে নতুন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের জন্ম দিয়েছে। পরিস্থিতির জেরে সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসন নীতি এবং শেনজেন অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৮৪ হাজার জনসংখ্যার সেউতায় এই বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিবাসন সংকট হিসেবে দেখা হচ্ছে। সেউতার প্রধান প্রশাসক হুয়ান জেসুস ভিভাস জানিয়েছেন, এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক মানুষের প্রবেশ স্থানীয় প্রশাসনের সক্ষমতার ওপর বড় চাপ সৃষ্টি করেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে ৪৮ হাজারেরও বেশি অভিবাসীকে ইতোমধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। তবে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালের অভিবাসন সংকটের তুলনায় এবারের পরিস্থিতি অনেক বেশি গুরুতর। সে সময় কয়েক দিনের মধ্যে প্রায় ১২ হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিল।

উত্তর আফ্রিকার অভিবাসন পরিস্থিতি নিয়ে কাজ করা স্প্যানিশ সাংবাদিক ইগনাসিও সেমব্রেরো দাবি করেছেন, সীমান্তে মরক্কোর নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অস্বাভাবিকভাবে শিথিল ছিল, ফলে হাজার হাজার মানুষ সহজেই সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের একাংশের ধারণা, ৮ জুলাই স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়—যেখানে সমুদ্রপথে আসা অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়—এই পরিস্থিতিকে উৎসাহিত করতে পারে। তবে এত বড় পরিসরের অভিবাসন প্রবাহের পেছনে এটিই একমাত্র কারণ নয় বলেও তারা মনে করছেন।

আরেকটি বিশ্লেষণে বলা হচ্ছে, মরক্কো কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে অভিবাসন ইস্যুকে ব্যবহার করতে পারে। স্বাধীনতার পর থেকেই মরক্কো সেউতা ও মেলিয়ার ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে, যদিও স্পেন সেই দাবি বরাবরই প্রত্যাখ্যান করেছে।

সংকটের প্রভাব ইতোমধ্যে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে। ইতালি স্পেনের সঙ্গে শেনজেনভুক্ত অবাধ সীমান্ত চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। যদিও আইনি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান ইউরোপীয় আইনি কাঠামোর আওতায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন জটিল হতে পারে।

অন্যদিকে ফ্রান্স স্পেনের প্রতি সংহতি প্রকাশ করে সীমান্তে পুলিশ মোতায়েন পাঁচ গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। পর্তুগালও দক্ষিণাঞ্চলের স্থল ও সমুদ্র সীমান্তে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, সেউতার সর্বশেষ অভিবাসন সংকট ইউরোপের অভিবাসন ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনৈতিক সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 6 =