স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন সিইও এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।

ব্যাংকিং খাতে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এনামুল হক বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করেছেন। করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডে কর্মজীবনে তিনি স্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, পণ্য বাণিজ্য ও কৃষিভিত্তিক ব্যবসা, বহুজাতিক প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছেন। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ লেনদেন ও কৌশলগত গ্রাহক সম্পর্ক পরিচালনাতেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের। ২৫ বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংকই আমার পেশাগত পরিচয়ের অংশ। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া যেমন স্বীকৃতির বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও।”

তিনি বলেন, “আমার অগ্রাধিকার হবে আন্তর্জাতিক সংযোগ স্থাপনকারী ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অবস্থান আরও শক্তিশালী করা এবং আমাদের গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার সাফল্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখা। একই সঙ্গে গ্রাহক, সমাজ ও অন্যান্য অংশীজনের কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান ধরে রাখাই হবে আমার লক্ষ্য।”

সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এনামুল হক ২০২৫ সালের এপ্রিল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাংলাদেশে ব্যাংকটির সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা এবং ব্যাংকের প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য নিশ্চিত করেন। তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাইরেও বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে এনামুল হকের অবদান রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডবিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের বাইরে এনামুল হক ভ্রমণ উপভোগ করেন এবং শিল্পকলার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − twelve =