স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের, গ্রুপ চ্যাম্পিয়ন লা রোজা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। শেষ ষোলোতে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪২তম মিনিটে মার্কোস লোরেন্তের ক্রস থেকে আলেক্স বাইয়েনার নেওয়া তুলনামূলক দুর্বল শট অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা তালুবন্দি করতে ব্যর্থ হন। বল তার হাত ফসকে ধীরে ধীরে জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

এই পরাজয়ের ফলে গ্রুপ থেকে বিদায় নিতে হয় উরুগুয়েকে। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরুর আগে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত স্পেন টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে ছন্দে ফেরে লা রোজা। ইনজুরি কাটিয়ে ফেরার পর তরুণ তারকা লামিন ইয়ামাল স্পেনের আক্রমণভাগে নতুন গতি এনে দেন। তবে উরুগুয়ের বিপক্ষে জয় পেলেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখা যায়নি। নকআউট পর্ব শুরুর আগে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে তাই কৌশলগত কিছু পরিবর্তনের কথা ভাবতে হতে পারে।

অন্যদিকে, ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার জন্য ম্যাচটি ছিল হতাশার। কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচেও দুটি গোলে ভুল করেছিলেন তিনি। এবারও তার ভুলেই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল হজম করে দলকে বিদায় নিতে হয়।

বিরতির পর মুসলেরার পরিবর্তে সার্জিও রোশেতকে গোলপোস্টে নামান কোচ মার্সেলো বিয়েলসা। পরে অধিনায়ক ফেদে ভালভার্দেকেও তুলে নিয়ে আক্রমণাত্মক পরিবর্তন আনলেও ম্যাচে আর ফিরতে পারেনি উরুগুয়ে।

স্পেনও দ্বিতীয়ার্ধে ডানি ওলমো ও ফাবিয়ান রুইজকে মাঠে নামিয়ে খেলায় গতি আনে। লামিন ইয়ামাল একটি সহজ সুযোগ নষ্ট করেন। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সদ্য ফেরা এই তরুণকে সতর্কতার অংশ হিসেবে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে তুলে নেওয়া হয়। তার বদলি ফেরান তোরেস শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেলেও তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

তবে এক গোলের জয়ই স্পেনের জন্য যথেষ্ট ছিল। এই জয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপেও এখনও পর্যন্ত কোনো গোল হজম করেনি স্পেন, যা তাদের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 1 =