বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগেই অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন প্রত্যাশিত সুযোগ না পেয়ে এবং পছন্দের চরিত্রে কাজের সুযোগ না মেলায় তিনি মানসিকভাবে অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন।

ইয়ামি বলেন, সে সময় তিনি হিমাচলে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পাহাড়ি পরিবেশে কৃষিকাজ করে সাধারণ জীবনযাপনের কথাও ভেবেছিলেন।
২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। প্রথম ছবিতে প্রশংসিত হলেও পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তাকে হতাশার মুখে পড়তে হয়। ভালো চরিত্রের অপেক্ষায় থাকলেও অনেক সময় অনিচ্ছাসত্ত্বেও কিছু কাজ গ্রহণ করতে হয়েছিল বলে জানান তিনি।

তবে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘বালা’ সিনেমা তার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। দুটি ছবির সাফল্যের পর তিনি নতুন করে আলোচনায় আসেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ইয়ামির ভাষ্য, কঠিন সময়েও ধৈর্য হারিয়ে না ফেলে নিজের ওপর বিশ্বাস রাখাই তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে।