কান উৎসব: ইরানের সাম্প্রতিক মৃত্যুকে হত্যাকাণ্ড বললেন দেশটির অস্কারজয়ী নির্মাতা

আফরোজা আখতার পারভীন

দুবার অস্কারজয়ী ইরানি  পরিচালক আসগর ফারহাদি কান চলচ্চিত্র উৎসবে তার নতুন চলচ্চিত্র ‘প্যারালেল টেলস’ নিয়ে কথা বলার পাশাপাশি ইরানের যুদ্ধ, বিক্ষোভ ও সহিংসতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

সংবাদ সম্মেলনে নিজ দেশ ইরানের সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন: “যেকোনো হত্যাকাণ্ডই অপরাধ।” যা উৎসবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফারহাদি জানান, যুদ্ধ ও রাজনৈতিক সহিংসতার ফলে নিরীহ মানুষের মৃত্যু তিনি গভীরভাবে অনুভব করেন। যুদ্ধের কারণে অনেক নিরীহ মানুষ, শিশু এবং সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। একইভাবে, যুদ্ধের আগেও বিক্ষোভে অংশ নেওয়া অনেক মানুষ নিহত হয়েছে, যারা প্রত্যেকেই নির্দোষ ছিলেন।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে এই ইরানি চলচ্চিত্রকারের মতামত জানতে চাইতে বেশি সময় লাগেনি। এই অস্কার বিজয়ী ২০২৩ সাল থেকে ইরানের বাইরে বসবাস করছেন, যদিও তিনি বলেছেন, গত সপ্তাহে তিনি তেহরানে ছিলেন।

ফারহাদি বলেন,  “এর মধ্যে একটি ছিল যুদ্ধে নিহত বেশ কিছু নিরীহ মানুষ, শিশু, বেসামরিক জনগণের মৃত্যু। আর এই যুদ্ধের আগে, বেশ কিছু বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল, যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল এবং তারাও সমানভাবে নিরীহ ছিল। তাদেরও গণহারে হত্যা করা হয়েছিল। এই দুটি ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং কখনোই ভোলা যাবে না।”

তিনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রতিশোধের কথাও উল্লেখ করেন এবং সেই ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “বোমা হামলায় নিহত বেসামরিক নাগরিক ও নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে সোচ্চার হওয়া বা ক্ষোভ প্রকাশ করার অর্থ এই নয় যে, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড ও মৃত্যুর পক্ষে থাকা।”

তিনি আরও বলেন, “একইভাবে, বিক্ষোভ চলাকালে নিহত বা গুলিতে আহতদের প্রতি সহানুভূতি বোধ করার অর্থ এই নয় যে, বোমা হামলায় নিহতদের প্রতি সহানুভূতি বোধ করা যাবে না।”

ফারহাদি বলেন, “যেকোনো হত্যাকাণ্ডই একটি অপরাধ। কোনো অবস্থাতেই আমি এটা মেনে নিতে পারি না যে, আরেকজন মানুষের জীবনহানি ঘটবে, তা সে যুদ্ধই হোক, মৃত্যুদণ্ডই হোক বা বিক্ষোভকারীদের গণহত্যাই হোক। এটা অত্যন্ত নিষ্ঠুর ও মর্মান্তিক যে, আজকের বিশ্বে আমাদের এতসব অগ্রগতি সত্ত্বেও, প্রতিদিন সকালে আমরা কোনো কারণ ছাড়াই নতুন নতুন নিরীহ মানুষ নিহত হওয়ার খবর নিয়ে ঘুম থেকে উঠি।”

বৃহস্পতিবার রাতে ফারহাদি এবং তার ফরাসি তারকা ইসাবেল হুপার্ট, ভার্জিনি এফিরা, ভিনসেন্ট ক্যাসেল, অ্যাডাম বেসা, পিয়ের নিনে এবং ক্যাথরিন ডেনিউভের জন্য সাড়ে পাঁচ মিনিটের স্ট্যান্ডিং ওভেশনের মধ্য দিয়ে ‘প্যারালাল টেলস’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ফারহাদি এর আগেও তার নিজ দেশ ইরানের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন এবং তার সহ-পরিচালকদের এ বিষয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =