জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে বৃহস্পতিবার রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে  এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহ্‌দী জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টায়) প্রধানমন্ত্রী ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তারেক রহমানের প্রথম ভাষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হন।

মাহ্‌দী বলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। কারণ তিনি তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করছেন, যারা এর আগে ইউএনজিএতে ভাষণ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন, যা বাংলাদেশের জনগণের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রথম সফরে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান তারেক রহমান। এর আগে প্রথম দুটি রাষ্ট্রীয় সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =