জোহান্সবার্গ টেস্ট ক্রান্তি লগ্নে

নানা মাইল স্টোনে সমৃদ্ধ ঘটনা বহুল দ্বিতীয় দিনশেষে জোহানেসবার্গ টেস্ট ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে। টেস্টে দুই দলের একটির জয় অথবা ড্র সব পরিণতি উন্মুক্ত আছে। আজ তৃতীয় দিনে উইকেট, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলে যে দল সফল হবে টেস্টের ভারসাম্য তাদের দিকে ঝুকে পড়বে। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০০ রানে। দক্ষিণ আফ্রিকার অন্যতম বিশ্বসেরা মাঠে এর আগে কোন সফরকারী দল প্রথম ইনিংসে ৪০০ রান করে পরাজিত হয়নি।

কাল কিন্তু দক্ষিণ আফ্রিকা ওডিআই ঢঙে ব্যাটিং করে বাংলাদেশের কিছুটা এলোমেলো বোলিংকে শাসন করে দিনশেষে ৪ উইকেট হারিয়ে করেছে ২৮৭।  ৬ উইকেট হাতে নিয়ে পিছিয়ে আছে ১১৩ রানে। উইকেটে কিছুটা অসম বাউন্স আছে। ফাটলগুলো দৃশ্যমান হচ্ছে। আজ প্রথম সেশন দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রোটিয়ানরা চাইবে দ্রুত রান তুলে প্রথম ইনিংসে এগিয়ে যেতে। আর বাংলাদেশ চাইবে গোছানো বোলিং করে দক্ষিণ আফ্রিকান ইনিংস সীমিত করতে। ইতিহাস বলে জোহানেসবার্গে চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাটিং করে অনেক চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশ কোনোভাবে ২৫০ টার্গেট দিতে পারলে চ্যালেঞ্জের মুখে পড়বে স্বাগতিক দল।

কাল বাংলাদেশ শুরু করেছিল ৩২৭/৬। উইকেটে ছিল ৯২ রানে অপরাজিত লিটন কুমার দাস আর সঙ্গী মেহেদী হাসান মিরাজ। নতুন বল হাতে প্রথম দিনের বোলিং নায়ক রাবাদা।  কাল কিন্তু বল হাতে প্রথম দিন অনুজ্জ্বল থাকা ডান প্যাটারসন জেগে উঠেছিল। মেহেদী মিরাজ অসহিষ্ণু হয়ে ড্রাইভ করার চেষ্টায় আউট হবার পর লিটনকে বাংলাদেশের ব্যাটিং লেজের সঙ্গে এগুতে হয়। প্রশংসা করতেই হবে লিটনকে অত্যন্ত পরিণত ব্যাটিং করে লিটন তার ৮ম টেস্ট সেঞ্চুরী তুলে নিলে দলের স্কোর দ্রুত ৪০০র দিকে এগুতে থাকে।

উইকেট যাই থাক হাসান মাহমুদ বা তাসকিন যেভাবে প্রতি আক্রমণ করে খেলেছে লিটন আর ৩০ মিনিট উইকেটে থাকলে দলের রান হয়তো ৪৩০-৪৪০ হতে পারতো। দলীয় ৩৭০ রানে লিটন ব্যাক্তিগত ১২০ রান করে শতরান শিশু কন্যাকে উৎসর্গ করে। হাসান মাহমুদ আর তাসকিনের সাহসী ব্যাটিং দলকে নিয়ে যায় ৪০০ রানে। বাংলাদেশ ইনিংসে কাল ৪ উইকেট তুলে নেয় প্যাটারসন। আর প্রথম দিনে ৫ উইকেট নিয়ে রাবাদা কাজের কাজটি করেছিল। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে লিটনের ৮ম শতরান কিছু মাইল ফলক সৃষ্টি করে।  উইকেট রক্ষক হবার পর তার অর্জন ৭ শতক । একমাত্র ভারতের ঋষভ পান্ত তার চেয়ে এগিয়ে আছে।

জবাবে বাটিংয়ে নেমে হাসান মাহমুদ আর তাসকিনের নতুন বল আক্রমণের মুখে চাপে পড়েছিল স্বাগতিক দল।  শুরুতেই এইডেন মারকরামকে ফিরিয়ে দেয় হাসান মাহমুদ। তাসকিন আর হাসান মাহমুদের বলে নড়বড়ে ছিলো আকারমান আর হামজা। ভাগ্যের সহায়তা পেলে দুইজনের উইকেট তুলে নিতে পারতো বাংলাদেশ। হয়নি সেটি। উপরন্তু উইকেটের ক্ষয়িষ্ণু সম্ভাবনা দেখে দুর্দান্ত প্রতি আক্রমণ শুরু করে প্রোটিয়ান ব্যাটসম্যানরা। এলোমেলো হয়ে যায় বাংলাদেশ বোলিং।

বিশেষত এবাদত এবং মেহেদী মিরাজ বেধড়ক পিটুনি খায়। বাংলাদেশ এই টেস্টে এবাদতের স্থানে বাম হাতি বোলার শরিফুলকে খেলালে হয়তো ভালো হতো। আকারমান-হামজা জুটির বেপরোয়া ব্যাটিং দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত ২০২ রান জুড়ে দিলো। একজন কম বোলার নিয়ে খেলা শান্ত উপায় না দেখে খণ্ডকালীন স্পিনার মমিনুলকে আক্রমণে আনলে ওর বলে ৮৩ রান করা জুবায়ের হামজা ফিরে যায়।

অন্যদিকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা আকারমানকে থামায় হাসান মাহমুদ। তবে ওর ১৬৪ বলে ২১ চার এবং ১ ছক্কায় সাজানো ১৫৭ রানের ইনিংসটি হয়ত ম্যাচের ভাগ্যলিপি নির্ধারণ করে দিলো কিনা কে জানে। নতুন স্পেলে ভালো বোলিং করতে থাকা হাসান মাহমুদ ম্যাথিউ ব্রিজকে ফেরায়। আউট হতে পারতো রিকেলটন লিটনের হাতে নিচু ক্যাচটি ফস্কে না গেলে।

যাক দিন শেষে ২৮৭/৪ করে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জমিয়ে তুলেছে। উইকেটে আছে অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ১১৩ রানে। আজ প্রথম সেশন টেস্টের জন্য অত্যন্ত গুরুতূপূর্ণ। নতুন বল আসার আগে বাংলাদেশ দ্রুত ২-৩ উইকেট তুলে নিলে হয়ত সুবিধা জনক অবস্থানে পৌঁছবে। কাল কিন্তু শেষ দুই সেশনে বাংলাদেশ বোলিং প্রতি আক্রমণে এলোমেলো হয়ে পড়েছিল।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪০০ অল আউট  (তাওহীদ হৃদয় ১৩৭, লিটন কুমার দাস ১২০, তানজিদ হাসান তামিম ৬৭, মাহফিজুল ইসলাম ০, মোমিনুল ইসলাম  ০, মুশফিকুর রহিম  ০, কাগিসো রাবাদা ৫/৭০, ডান প্যাটারসন ৯২)

দক্ষিণ আফ্রিকা ২৮৭/৪ (মারকুইস আকারমান ১৫৭, জুবায়ের হামজা ৮৩, টেম্বা বাভুমা ১৯*, হাসান মাহমুদ ৩/৬২)

৬ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশকে হতাশ হলে চলবে না। টেস্ট ক্রিকেটের মাধুর্য হলো সেশন সেশনে রং বদলায়।  যারা টিকে থাকে জয় তাদের বরণ করে। এই টেস্টে এখনো অনেক পথ বাকি আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + 5 =