কাল্ট ক্লাসিক ফ্যান্টাসি-হরর চলচ্চিত্র ‘তুম্বাড’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘তুম্বাড ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট। অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা জানিয়েছেন। ইন্ডিয়া ডটকম
ইনস্টাগ্রামে আলিয়ার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন সোহম শাহ। কালো পোশাকে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা। ‘তুম্বাড ২’-এ স্বাগতম, আলিয়া ভাট। #PralayAayega। সিনেমা হলে দেখা হবে।”

ঘোষণাটি আসে ছবিটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণের কয়েক মাস পর। নির্মাতারা ইতোমধ্যে জানিয়েছেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুম্বাড ২’।

এর আগে ছবির পোস্টার প্রকাশ করে সোহম শাহ ইঙ্গিত দিয়েছিলেন, প্রথম ছবির রহস্যময় ও অন্ধকার জগত আরও বিস্তৃত আকারে ফিরছে। তিনি লিখেছিলেন, “পাপময় অতীত, অশুভ ভবিষ্যৎ। লোভের উত্তরাধিকার আবারও জেগে উঠছে।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহম শাহ বলেন, ‘তুম্বাড’ তাঁর কাছে সবসময়ই বিশেষ একটি প্রকল্প। সিক্যুয়েলের মাধ্যমে সেই জগতকে আরও গভীর ও বিস্তৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চান তারা।

তার ভাষায়, “প্রথম ছবির যে পৌরাণিক আবহ ও রহস্য দর্শকদের আকৃষ্ট করেছিল, তার ওপর ভিত্তি করেই নতুন গল্প নির্মাণ করা হচ্ছে। পরিচিত অনুভূতি বজায় রেখেও নতুন মাত্রা যোগ করা হবে, যাতে দর্শকরা ভিন্ন এক অভিজ্ঞতা পান।”
আদেশ প্রসাদ পরিচালিত ‘তুম্বাড ২’ প্রযোজনা করছে সোহম শাহ ফিল্মস এবং পেন স্টুডিওস। আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া ‘কোহরা ২’-খ্যাত অভিনেতা প্রয়রক মেহতা-কেও এই ছবিতে দেখা যাবে।