বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ের নিজ বাসভবনে একান্ত পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। অতিথিদের মধ্যে থাকবেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন সহকর্মী। পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানিসহ ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। আমির ও গৌরীর আগের সংসারের সন্তানরাও এই আয়োজনে অংশ নেবেন।
বিয়ের আনুষ্ঠানিকতার পর অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু—সবকিছুই আমির খান ও গৌরী স্প্র্যাট যৌথভাবে নির্ধারণ করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-এর বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ জুলাই ঘরোয়া পরিবেশে, দুই পরিবারের সদস্য ও অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বিয়ের অনুষ্ঠান হবে। সবার আশীর্বাদও কামনা করেন তিনি।
৬১ বছর বয়সী আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের সম্পর্ক প্রকাশ্যে আসে গত বছর। পরে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, বহুদিনের এই সম্পর্ককে বিয়ের মাধ্যমে নতুন রূপ দিতে যাচ্ছেন। এর আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, গৌরী তার জীবনে প্রশান্তি ও স্থিরতা এনে দিয়েছেন এবং নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে সেই সংসারের ইতি ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করে আসছেন।