নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ডান্স ও লায়ন ডান্স পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন দেশটির একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরা এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের দেশের ঐতিহ্যবাহী এ নৃত্য পরিবেশন করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে।

এ কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।

অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়েও প্রশিক্ষণ গ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময়ের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে।

এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =