নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাতেও ভুগছিলেন তিনি।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নূরুল আলম আতিকের স্ত্রী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়ে। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সরকারের সহযোগিতাও চেয়েছিলেন স্বামী নূরুল আলম আতিক।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গুণী এই নির্মাতার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × one =