নেপালে বন্যা-ভূমিধসে জরুরি সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চায় রেড ক্রস

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ – নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা ও পুনর্বাসনের জন্য ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল চেয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)। খবর বাসস

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটি বৃহস্পতিবার এই জরুরি আবেদন জানায়। এর আগে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ করেছে তারা।

আগামী দুই বছর এই তহবিলের মাধ্যমে প্রথমে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম এবং পরে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও পুনরুদ্ধারে সহায়তা দেওয়া হবে।

IFRC মহাসচিব জগন চাপাগাঁই বলেন, দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং অনেক গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার পাশাপাশি ঘরবাড়ি ও জীবিকা পুনর্গঠনে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন হবে।

সংস্থাটির প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্গম এলাকা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্গতদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

তহবিলের আওতায় আশ্রয়, নগদ সহায়তা, গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা থাকবে।

নেপাল রেড ক্রসের দলগুলো ইতোমধ্যে দুর্গত এলাকায় খাবার, পানি, ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =