বাংলাদেশ-জার্মানির যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রশিক্ষণ শুরু হচ্ছে

ঢাকা, ৮ জুলাই ২০২৬ (পিআর) – নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ ও জার্মানি যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) এবং জার্মান সরকারের পক্ষে জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড) একটি বাস্তবায়ন চুক্তি (ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট) সই করেছে।

এই চুক্তির মাধ্যমে ‘ভোকেশনাল ট্রেনিং ইন দ্য ফিল্ড অব রিনিউএবল এনার্জি (টিভিইটি৪আরই)’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রকল্পটি জার্মান ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর সহায়তায় বাস্তবায়িত হবে।

ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জার্মান সরকারের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়নের পথ সুগম হয়।

প্রকল্পটি বাংলাদেশের টেকসই উন্নয়ন কর্মসূচিতে সহায়তার জন্য ২০২৬ সালের জানুয়ারিতে জার্মান সরকারের ঘোষিত ২ কোটি ১৭ লাখ ৭০ হাজার ইউরো সহায়তা প্যাকেজের অংশ।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি বলেন, এই চুক্তি শুধু একটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা নয়; এটি বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বের প্রতিফলন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করে আসছে।

তিনি বলেন, দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত সম্প্রসারণের ফলে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। টিভিইটি৪আরই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং কারিগরি পেশাজীবীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে, যা সবুজ অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণকে ত্বরান্বিত করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাংলাদেশ টিভিইটি ইমপ্লিমেন্টেশন প্ল্যান ২০২৫-২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক দক্ষতা উন্নয়ন দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জিআইজেডের প্রতিনিধিরা বাংলাদেশে সংস্থাটির উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, টিভিইটি৪আরই প্রকল্পের পাশাপাশি প্রফেশনাল এডুকেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি (প্রিসাইস) কর্মসূচিও সবুজ দক্ষতা উন্নয়ন, শিল্প ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ডিটিই) মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ও ফার্স্ট সেক্রেটারি জ্যানিস হুসেইন।

অনুষ্ঠানের শেষ পর্বে টিএমইডি, ডিটিই, বিটিইবি এবং জিআইজেডের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প বাস্তবায়নের কৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =