বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ে ফেলেছি, খেলোয়াড়দের নিয়ে গর্বিত: কেপ ভার্দে কোচ

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। তার দাবি, আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে তার দল লড়াই করেছে, তা অন্য কোনো দলের পক্ষেও সহজ ছিল না।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১২০ মিনিট পর্যন্ত কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশটি। ম্যাচ শেষে বুবিস্তা বলেন, তার খেলোয়াড়রা সাহস, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে।

তিনি বলেন, ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই হতাশার পরিবেশ বিরাজ করছে। জয়ের এত কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হওয়ায় খেলোয়াড়রা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে আরও পরিণত হতে সাহায্য করবে এবং প্রমাণ করেছে যে এই দলের ভেতরে অসাধারণ মানসিক শক্তি রয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে এবারের বিশ্বকাপে অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়। নিজেদের প্রথম বিশ্বকাপেই গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে নকআউটে ওঠে তারা। একই আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনার বিপক্ষেও সমানতালে লড়াই করে দলটি।

ম্যাচে প্রথমে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ৫৯ মিনিটে সমতা ফেরায় কেপ ভার্দে। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনাকে আবার এগিয়ে দিলেও ১০৩ মিনিটে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ১১৩ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হওয়া এক আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

বুবিস্তা বলেন, “আমি আমার খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। তারা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে। আর্জেন্টিনা কেন বিশ্বচ্যাম্পিয়ন, তারা সেটি দেখিয়েছে। তবে আমার বিশ্বাস, আমাদের দলও প্রমাণ করেছে তারা বিশ্বের সেরাদের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমাদের খেলোয়াড়রা অসাধারণ বীরত্ব দেখিয়েছে এবং নিজেদের খেলার ধরন থেকে কখনো সরে যায়নি।”

বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আন্তর্জাতিক ফুটবলে কেপ ভার্দের পরিচিতি সীমিত ছিল। তবে এবারের আসরে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে বলে মনে করেন বুবিস্তা। তার ভাষায়, শুধু ফুটবল খেলাই নয়, বিশ্বের সামনে নিজেদের পরিচয় তুলে ধরাও ছিল দলের অন্যতম লক্ষ্য, আর সেই লক্ষ্য তারা সফলভাবেই অর্জন করেছে।

দেশের ফুটবলারদের প্রশংসা করে বুবিস্তা বলেন, “আমরা কোনো বিশেষ সুবিধা নিয়ে খেলিনি। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সমানতালে লড়েছি। আমাদের ছোট্ট দেশের সামর্থ্য কী, তা খেলোয়াড়রা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এজন্য পুরো জাতির উচিত তাদের নিয়ে গর্ব করা।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 9 =