মেসির গোলে শতভাগ জয়ে নকআউটে আর্জেন্টিনা

ঢাকা, ২৮ জুন ২০২৬: বদলি বেঞ্চ থেকে মাঠে নেমে গোল করেছেন লিওনেল মেসি। তার গোলেই জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপপর্বে টানা তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। জে-গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। খবর বাসস

নকআউট নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্কালোনি এদিন শুরুর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন এবং অধিনায়ক মেসিকে বেঞ্চে রাখেন। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হলে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এবারের বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর বিশ্বকাপের ইতিহাসে তার মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় দলটি। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লটারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি একটি গোল শোধ দিয়ে জর্ডানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মেসির ফ্রি-কিকের নিখুঁত গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বে আর্জেন্টিনা এর আগে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। তিনটি ম্যাচেই গোল করেছেন মেসি, যা দলের দুর্দান্ত ধারাবাহিকতার প্রতিফলন।

এবারের আসরে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা আত্মবিশ্বাসের সঙ্গেই নকআউট পর্বে পা রাখছে। আগামী ৩ জুলাই মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 4 =