রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার

ঢাকা, ২৫ জুন ২০২৬ – বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। খবর বাসস

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে রাষ্ট্রপতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বকাল বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এর অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা এবং জনগণের কল্যাণের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্মানজনক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্বাভাবিক এবং তা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্তসংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ইতিবাচক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে হাইকমিশনার জানান, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

ভারতের হাইকমিশনার দেশটির রাষ্ট্রপতি ও নেতৃত্বের শুভেচ্ছা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকমিশনারের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত হাইকমিশনারের সফল দায়িত্বকাল কামনা করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =