৭৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে গিমারায়েস, লক্ষ্য ইতিহাস গড়া

নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নিউক্যাসলে সাড়ে চার মৌসুম কাটানো ২৮ বছর বয়সী গিমারায়েস ক্লাবটির অধিনায়কও ছিলেন। আর্সেনালের সঙ্গে তিনি দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন; ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তির মেয়াদ চার বছর, সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

আর্সেনালে যোগ দিয়ে গিমারায়েস বলেছেন, তিনি ট্রফি জিততে এবং ক্লাবটির হয়ে ইতিহাস গড়তে চান। কোচ মিকেল আর্তেতা ও স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তার সঙ্গে প্রথম আলোচনার পরই নতুন চ্যালেঞ্জ নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর বের্তা বলেন, গিমারায়েসের আগমনে দলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার ও বক্স-টু-বক্স খেলোয়াড়—দুই ভূমিকাতেই কার্যকর এবং গোল ও অ্যাসিস্টে নিয়মিত অবদান রাখেন।

২০২২ সালের জানুয়ারিতে আর্সেনালের সঙ্গে গিমারায়েসের যোগাযোগের খবর থাকলেও শেষ পর্যন্ত লিওঁ থেকে নিউক্যাসেলে যোগ দেন তিনি। নিউক্যাসলের হয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই ব্রাজিলিয়ান।

নিউক্যাসলের হয়ে গিমারায়েস ২০২৫ সালে লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে ক্লাবটি দুবার চ্যাম্পিয়নস লিগেও খেলার যোগ্যতা অর্জন করে।

আর্সেনালে গিমারায়েসকে মাঝমাঠে ডিক্লান রাইস, মাইলস লুইস-স্কেলি, মার্টিন জুবিমেন্দি ও মিকেল মেরিনোর সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

আগামী রোববার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে আর্সেনাল। অন্যদিকে, ২৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে নিউক্যাসল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + eleven =