আমার বায়োপিকে দীপিকাই হতে পারেন সেরা পছন্দ – হেমা মালিনী

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী বলেছেন, তাঁর জীবন নিয়ে কখনো বায়োপিক নির্মিত হলে সেখানে তাঁর চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে তিনি উপযুক্ত মনে করেন। দীপিকাকে তিনি একজন “সুন্দর ও প্রতিভাবান অভিনেত্রী” হিসেবে উল্লেখ করেছেন।

মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রে তাঁর ৬০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার উদযাপন উপলক্ষে আয়োজিত ‘হেমা মালিনী–লাইভ ইন কনসার্ট: সেলিব্রেটিং দ্য ড্রিম গার্ল’স ডায়মন্ড জুবিলি’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ‘ড্রিম গার্ল’ খ্যাত এই অভিনেত্রী।

অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চান, তাঁর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মিত হলে কোন অভিনেত্রীকে নিজের চরিত্রে দেখতে চান। উত্তরে হেমা মালিনী বলেন, “দীপিকা চাইলে সে অবশ্যই করতে পারে। যে কেউ করতে পারে, তবে দীপিকা খুবই সুন্দর এবং প্রতিভাবান একজন মেয়ে।”

হেমা মালিনী ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কও দীর্ঘদিনের। ২০১৭ সালে রাম কমল মুখার্জি রচিত ‘Hema Malini: Beyond the Dream Girl’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা। এছাড়া দীপিকার অভিষেক ছবি ‘ওম শান্তি ওম’-এ তাঁর ‘শান্তিপ্রিয়া’ চরিত্রটি আংশিকভাবে হেমা মালিনীর ‘ড্রিম গার্ল’ ইমেজ থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে বলিউডে প্রচলিত রয়েছে।

অনুষ্ঠানে নিজের দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে হেমা মালিনী তাঁর প্রয়াত মা ও দীর্ঘদিনের ম্যানেজার জয়া চক্রবর্তীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার মা সবসময় আমার পাশে ছিলেন। আমি বিশ্বাস করি, একজন সন্তানের জীবন ও ক্যারিয়ার গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সমর্থন পেয়েছিলাম বলেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।”

অনুষ্ঠানে প্রয়াত স্বামী ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ২০২৫ সালের নভেম্বরে ৮৯ বছর বয়সে তিনি মারা যান।

ভারতীয় চলচ্চিত্রে ছয় দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই অনুষ্ঠানে হেমা মালিনীর অভিনয়জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − six =