কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ৫ জুলাই: কার্বন নিঃসরণ কমিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা বাড়াতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে দেশের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। খবর বাসস

রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর জন্য কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, কার্বন ক্রেডিট হলো একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা, যার আওতায় বায়ুমণ্ডল থেকে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড (CO₂) অথবা সমপরিমাণ অন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট প্রদান করা হয়। এই ক্রেডিট আন্তর্জাতিক কার্বন বাজারে কেনাবেচা করা যায় এবং জলবায়ুবান্ধব বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপকরণ হিসেবে বিবেচিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + one =