রিটা ওরার কনসার্টে ব্যাহত প্রস্তুতি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে অসন্তুষ্ট ইংল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে অপ্রত্যাশিত এক কারণে অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড শিবির। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববারের শিরোপা লড়াইয়ের আগে সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ পপ তারকা রিটা ওরার পরিবেশনা থাকায় দলের বোলারদের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হবে বলে মনে করছেন তারা। বাসস/এএফপি

আয়োজকদের সূচি অনুযায়ী, ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত লর্ডসের মূল মাঠে সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রিটা ওরা। এ সময় দুই দল মূল মাঠে প্রবেশ করতে পারলেও অনুশীলন করতে পারবে না। ফলে বোলারদের ওয়ার্ম-আপ ও রান-আপ অনুশীলনের জন্য যেতে হবে নার্সারি গ্রাউন্ডে, যা সাধারণত নেট অনুশীলনের জন্য ব্যবহৃত হয়।

ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট জানান, এই পরিবর্তনে দলের কয়েকজন বোলার হতাশ হয়েছেন।

তিনি বলেন, “ম্যাচ-পূর্ব প্রস্তুতিতে কিছু পরিবর্তন এসেছে। বোলাররা সাধারণত মূল মাঠেই রান-আপ ও বোলিং অনুশীলন করতে পছন্দ করে। বিষয়টি জানার পর দলের কয়েকজনের মুখ ভার হয়ে গিয়েছিল। তবে ফাইনালে এমন কিছু অতিরিক্ত আয়োজন থাকেই। আশা করছি, আমরা স্বাভাবিকভাবেই প্রস্তুতি শেষ করতে পারব।”

অন্যদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক সোফি মলিনিউক্স বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন। হাস্যরস করে তিনি বলেন, “রিটা ওরা যদি থাকেন, তাহলে আমরা নিশ্চয়ই ড্যান্স ফ্লোর খালি করে দেব!”

বিশ্বকাপসহ বড় বড় ক্রীড়া আসরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন এখন নিয়মিত হলেও, গুরুত্বপূর্ণ ফাইনালের আগে খেলোয়াড়দের প্রস্তুতিতে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 14 =