ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রার্থীরা হলেন- বিএনপির ধানের শীষ প্রতীকের মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

দিনভর শীতের আমেজ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসেন ভোটাররা। অধিকাংশ কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে-সঙ্গে তা বাড়তে থাকে। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন কয়েকজন ভোটার।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালন করেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ সদস্য এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। এ ছাড়া নির্বাচনী দায়িত্বে ছিলেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এখন ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − sixteen =