নীতি সহায়তা দিয়ে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ জোরদার করা হবে – ইকবাল হাসান মাহমুদ

আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বিদু্যত্‌, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সৌর বিদ্যুতে অনেক পিছিয়ে আছি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করার পর, সৌর এবং বায়ু বিদ্যুতে অগ্রাধিকার দিয়েছে। এখানে অংশগ্রহণকারীদের দেখে আমি আশাবাদী। সমস্যা হলো আমাদের পলিসি। আমি মনে করি পলিসি সাপোর্ট দিতে পারলে দ্রুত এগিয়ে যাবে। আমরা পলিসি সহজ করার কাজ শুরু করেছি, বেজড ঠিক করা হয়েছে। আশা করি এই মাসের মধ্যে পলিসি তৈরি করতে পারবো, জুনের মধ্যে আদেশ জারি করা হবে। খবর বার্তা২৪.কম

বৃহস্পতিবার (৭ মে) ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আপনারা রেডি হন। আপনারা যেন সব জিনিস সহজে আনতে পারেন, পলিস সার্পোট দেবো। তবে সৌর বিদ্যুতে ব্যাটারি না হলে, লাভ হবে না। কারণ পিক আওয়ারে ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তারা ঢাকা শহরে ভবনের ছাদগুলো ব্যবহার করতে পারে। ভবন মালিকের সঙ্গে তাদের সমঝোতা থাকবে। যাতে উভয়পক্ষ লাভবান হয়। এতে করে ঢাকার লোডটা অনেক কমে যাবে।

৭ মে থেকে ৯ পর্যন্ত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট বহুমাত্রিক পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এক্সপোনেট এক্সিবিশন এর ব্যাবস্থাপনা পরিচালক রাশেদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) চেয়ারম্যান এম আজিজুর রহমান, দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মুজাফফর আহমেদ, বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

মেলার দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজনেস প্রমোশন কাউন্সিল-এর উদ্যোগে থাকছে ছয়টি বিশেষ অধিবেশন। এসব অধিবেশনে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা, আন্তর্জাতিক বাজার সংযোগ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন এবং নীতি নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব অধিবেশন দেশি-বিদেশি উদ্যোক্তা, আমদানিকারক, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে সহায়ক হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + 12 =