বিশ্বকাপে এক পতাকাতলে অপু-বুবলী, দুজনেরই হৃদয়ে ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতে উঠেছে, তখন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে সরব। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবন ও নানা ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকা এই দুই তারকার মধ্যে মতপার্থক্যের খবর নতুন নয়। তবে বিশ্বকাপ ফুটবল ঘিরে দেখা গেল ভিন্ন চিত্র। প্রিয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তা২৪ডটকমকে বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা জানান ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক দাবি করে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’

তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে, যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন তিনি। তাই ফুটবলপ্রেমীদের কাছে তার বার্তা—ব্রাজিলের প্রতি ভালোবাসা থাকলেও মেসির প্রতি রয়েছে গভীর সম্মান।

অন্যদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন। সেখানে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এই পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন বুবলী। পাশাপাশি ব্রাজিলের কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নাম উল্লেখ করে দলের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি।

সাধারণত শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে দুই মেরুর মানুষ হিসেবেই দেখা হয়। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও সম্পর্কের সমীকরণ নিয়ে তাদের নিয়ে আলোচনা-সমালোচনারও কমতি নেই। তবে ফুটবল বিশ্বকাপের আবহে সেই বিভাজন যেন কিছুটা হলেও মুছে গেছে। কারণ, ব্রাজিলের সমর্থনে দুজনই এখন একই কাতারে।

ফলে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে—ব্যক্তিগত জীবনে দূরত্ব থাকলেও ফুটবলের ভালোবাসা যে কখনো কখনো মানুষকে একই পতাকাতলে নিয়ে আসতে পারে, তারই এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − twelve =