ভিনিসিয়াসের জোড়া গোলে উড়ল স্কটল্যান্ড, গ্রুপসেরা ব্রাজিল

ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা চারটিতে উন্নীত করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলের সূচনা করেন ভিনিসিয়াস। ইনজুরিতে থাকা রাফিনিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তরুণ উইঙ্গার রায়ানের চাপে বল হারান স্কট ম্যাককেনা, আর সেই সুযোগে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ভিনিসিয়াস আরও একটি গোল করলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বাতিল করা হয়। তবে বিরতির আগে আরেকবার জালের দেখা পান তিনি। যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৫ বছর বয়সী এই তারকা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আধিপত্য অব্যাহত থাকে। ৬০তম মিনিটে গিমারাইসের পাস থেকে মাথিয়াস কুনহা দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ব্রাজিল চাইলে আরও বড় ব্যবধানে জিততে পারত, তবে স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গান কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন।

ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল নেইমারের প্রত্যাবর্তন। ৭৬তম মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। প্রায় আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দর্শকদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান তিনি।

এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড, তবে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে পরের রাউন্ডে ওঠার আশা এখনও টিকে আছে তাদের।

বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়াস। এর মাধ্যমে ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রতিটি গ্রুপ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি। সেই আসরে এই কীর্তি গড়েছিলেন রোনালদো ও রিভালদো।

চার গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে আছেন ভিনিসিয়াস। তার সামনে রয়েছেন শুধু পাঁচ গোল করা লিওনেল মেসি, আর সমান চার গোল নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে।

আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল, যা হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

ছন্দে ফেরা ব্রাজিলের পারফরম্যান্স দেখে সমর্থকদের মধ্যে নতুন করে জেগে উঠেছে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ভিনিসিয়াসের উজ্জ্বল ফর্ম এবং নেইমারের প্রত্যাবর্তন সেই আশাকে আরও শক্তিশালী করে তুলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − six =