মাতৃত্বকালীন বিরতির আগে ‘রাকা’র শুটিং শেষ করতে ব্যস্ত দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে যাচ্ছেন। তৃতীয় ত্রৈমাসিকের গর্ভাবস্থায় তিনি নিয়মিত শুটিং করে যাচ্ছেন আসন্ন সিনেমা ‘রাকা’-র জন্য। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: ফিল্মফেয়ার

প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করে মাতৃত্বকালীন বিরতিতে যেতে চান দীপিকা। তাই প্রতিদিনই শুটিং করছেন তিনি। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে নিজের অংশের কাজ শেষ করতে রাতের শিফটেও কাজ করছেন এই অভিনেত্রী।

জানা গেছে, সিনেমাটির বেশ কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন দীপিকা। শুটিং ইউনিটের এক সদস্য জানান, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সিনেমার কাজ শেষ করার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।

ইউনিটের ওই সদস্যের ভাষ্য, ‘দীপিকা যেকোনো মূল্যে শুটিং শেষ করতে চেয়েছেন। কয়েকটি অ্যাকশন দৃশ্য ছিল শারীরিকভাবে বেশ কঠিন। কিন্তু সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি কাজ সম্পন্ন করছেন। সেটে উপস্থিত সবার জন্য এটি অনুপ্রেরণাদায়ক। একই সঙ্গে বাড়িতে দেড় বছর বয়সী মেয়ের প্রতিও তিনি সমান যত্নশীল।’

২০২৪ সালের সেপ্টেম্বরে স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে কন্যাসন্তান দুয়া-কে স্বাগত জানান দীপিকা। এরপর গত এক বছরে তিনি সীমিত পরিসরে জনসমক্ষে এলেও পরিবার ও অভিনয়জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখেই কাজ করে যাচ্ছেন।

‘রাকা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশনধর্মী এ ছবিতে তার সহশিল্পী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া দীপিকাকে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 8 =