রায়া অ্যাপে জ্যাকি ভগ্নানির কথিত প্রোফাইল ঘিরে নতুন জল্পনা, আবারও আলোচনায় রাকুল-জ্যাকি দম্পতি

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার স্বামী জ্যাকি ভগ্নানিকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। এবার একটি অভিজাত সামাজিক নেটওয়ার্কিং ও ডেটিং অ্যাপ রায়া (Raya)-তে জ্যাকির কথিত প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম BollywoodShaadis-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে রায়া অ্যাপে জ্যাকি ভগ্নানির নামে একটি কথিত প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করা হয়। এতে তার নাম, লন্ডনের অবস্থান এবং পেশা হিসেবে “Actor/Peoducer” লেখা ছিল। তবে “Producer” শব্দের বানান ভুল থাকায় অনেকেই ধারণা করছেন, এটি ভুয়া বা বহু পুরোনো কোনো প্রোফাইল হতে পারে।

অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, রায়া কেবল ডেটিং অ্যাপ নয়; এটি তারকাদের জন্য একটি এক্সক্লুসিভ নেটওয়ার্কিং প্ল্যাটফর্মও। ফলে প্রোফাইলটি সত্য হলেও সেটি ব্যক্তিগত সম্পর্কের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে—এমনটি নিশ্চিতভাবে বলা যায় না।

এর আগে চলতি বছরের এপ্রিলে একটি ইউটিউব সাক্ষাৎকারে জ্যাকি ভগ্নানি নিজের ও রাকুল প্রীত সিংয়ের দাম্পত্য সম্পর্ককে মজার ছলে “সিচুয়েশনশিপ” বলে উল্লেখ করেছিলেন। তার ওই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে রাকুল প্রীত সিং একটি ভিডিও প্রকাশ করে জানান, জ্যাকির মন্তব্যটি হাস্যরসের ছলে করা হয়েছিল এবং তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “Ho gaya aap log ka bhi ab? Now laugh about it and move on.”

২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগ্নানি। তবে সাম্প্রতিক ভাইরাল স্ক্রিনশটের সত্যতা কিংবা এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − four =