সালেক সুফী
নরওয়ে ৪ ইরাক ১
ফিফা র্যাঙ্কিং: নরওয়ে (৩১) | ইরাক (৫৭)
পশ্চিম ইউরোপের শীতপ্রধান দেশ নরওয়ের ফুটবল দর্শন ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল কিংবা নেদারল্যান্ডসের চেয়ে কিছুটা আলাদা। তাদের খেলার মূল শক্তি শারীরিক সক্ষমতা, গতি এবং সরাসরি আক্রমণভিত্তিক ফুটবল। আর সেই আক্রমণভাগের প্রধান অস্ত্র বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড।
অন্যদিকে, এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরাক। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আই গ্রুপে যুক্তরাষ্ট্রের বোস্টনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু নরওয়ের শক্তিশালী ও গতিময় ফুটবলের সামনে টিকতে পারেনি ইরাক। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে নরওয়ে।
এবারের বিশ্বকাপে এটিই কোনো এশীয় দলের প্রথম পরাজয়।

নরওয়ের হয়ে প্রথম দুটি গোল করেন আর্লিং হাল্যান্ড। একটি গোল করেন লিও স্কিরি অস্টিগার্ড এবং শেষ গোলটি আসে ইরাকের আত্মঘাতী ভুল থেকে। ইরাকের একমাত্র গোলটি করেন আইমেন হুসেইন। দুর্ভাগ্যজনকভাবে ম্যাচের আত্মঘাতী গোলটিও তাঁর নামের পাশে যোগ হয়।
এই জয়ের ফলে চার পয়েন্ট নয়, পূর্ণ তিন পয়েন্ট ও দুর্দান্ত গোল ব্যবধানে আই গ্রুপের শীর্ষে উঠে এসেছে নরওয়ে। এর আগে দিনের প্রথম ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে সেনেগালকে।
অনেকের কাছেই এটি ছিল প্রত্যাশিত ফল। ম্যাচটি যে ‘হাল্যান্ড শো’ হয়ে উঠতে পারে, সেই ধারণা ছিল শুরু থেকেই। হ্যাটট্রিক কিংবা অন্তত জোড়া গোল—এমন প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের। বিশ্বের উত্তর প্রান্তের এই ‘গোলমেশিন’ বিশ্বকাপ অভিষেকেই সেই প্রত্যাশা পূরণ করেছেন।
২৯তম মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হাল্যান্ড। তবে ইরাক দ্রুতই ম্যাচে ফিরে আসে। ৩৯তম মিনিটে হেড থেকে গোল করে সমতা ফেরান আইমেন হুসেইন (১-১)।
কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে ৪৩তম মিনিটে হাল্যান্ডের দ্বিতীয় গোল হজম করার পর থেকেই ভেঙে পড়ে ইরাকের প্রতিরোধ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় নরওয়ে। ৭৬তম মিনিটে স্কিরি অস্টিগার্ড ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। এরপর শেষ দিকে আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধান নিশ্চিত হয়।
ম্যাচের ৮৩তম মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন হাল্যান্ড। ডান প্রান্ত দিয়ে একা এগিয়ে এসে শক্তিশালী শট নিলেও ইরাকের গোলরক্ষক জালাল হাসানের পায়ে লেগে বল বাইরে চলে যায়। ফলে অধরাই থেকে যায় তাঁর বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দুই তারকা—ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হাল্যান্ড—নিজেদের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন। ফ্রান্স শিরোপার অন্যতম দাবিদার হলেও নরওয়ে কতদূর যেতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে বিশ্ব ফুটবলের এই দুই গোলমেশিনের সম্ভাব্য মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় থাকবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্ব ফুটবল সত্যিই বৈচিত্র্যময়। গতকাল চারটি ম্যাচই ড্র হয়েছিল। আর আজ ফ্রান্স ও নরওয়ে দুটিই বড় ব্যবধানে জয় তুলে নিল।
এখন অপেক্ষা বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের।