২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই জমে উঠেছে। ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর রোববার আরও দুটি দল শেষ আটে জায়গা করে নেওয়ার মিশনে মাঠে নামছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। একই দিনে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। এএফপি/বাসস

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে ইংল্যান্ড–মেক্সিকো দ্বৈরথ। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতিবিজড়িত আজটেকা স্টেডিয়ামে ৪০ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। তবে শেষ ষোলোয় উঠতে থমাস টুখেলের দলকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে নকআউট নিশ্চিত করে তারা।
অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিক মেক্সিকো। নিজেদের মাঠে খেলা চারটি ম্যাচেই জয় পেয়েছে এল ত্রি, এখনো হজম করেনি কোনো গোল। শেষ ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় তুলে নেয় হাভিয়ের আগুয়েরের দল। ঘরের দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে এবার ইংল্যান্ডকে বিদায় করার লক্ষ্য তাদের।

মেক্সিকো সিটির প্রায় ২,২৪০ মিটার উচ্চতার কারণে আজটেকার পরিবেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তিনি বলেন, এত অল্প সময়ে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়, তবে দল এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে মেক্সিকো কোচ হাভিয়ের আগুয়েরের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে মাঠের ১১ বনাম ১১-এর লড়াই, উচ্চতা নয়।

এদিকে নিউ জার্সিতে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা নরওয়ে। আর্লিং হলান্ডের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ে বিশ্বকাপে ইতোমধ্যে দারুণ ছাপ রেখেছে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হলান্ডকে কীভাবে সামলাতে হবে তা তার রক্ষণভাগ ভালোভাবেই জানে। নরওয়ে কোচ স্টালে সলবাকেনও খেলোয়াড়দের আবেগ নয়, পরিকল্পনা অনুযায়ী খেলার পরামর্শ দিয়েছেন।
আজটেকার ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল–নরওয়ে ম্যাচের জয়ী দলের। ফলে রোববারের দুটি ম্যাচই বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ের চিত্র অনেকটাই পরিষ্কার করে দেবে।