রাজশাহী, ৫ জুলাই: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন। খবর বাসস
পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।
তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।