বালোগনের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতকে ঘিরে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বালোগনের শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে ৬৪তম মিনিটে প্রতিপক্ষের তারিক মুহারেমোভিচকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ফোলারাইন বালোগন। নিয়ম অনুযায়ী, তার ওপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

সেই হিসেবে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বালোগনের খেলার সুযোগ ছিল না। তবে রোববার ফিফা এক বিবৃতিতে জানায়, তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে দ্য নিউইয়র্ক টাইমস, জানিয়েছিল যে বালোগনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই তথ্যের সত্যতা স্বীকার করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেছিলাম। কারণ আমার মনে হয়নি, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল।”

এর আগে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফিফাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বড় একটি অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।”

ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা এবং রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিয়মের সমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে, বালোগনকে দলে নিয়েই মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল ৬টা) বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =