পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. ফাহমিদা খানম

ঢাকা, ৭ জুলাই ২০২৬ – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. ফাহমিদা খানম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ জুলাই ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়।

ড. ফাহমিদা খানম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং পরিবেশ অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ব্যবস্থাপনায় (Environmental Management) স্নাতকোত্তর এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশনীতি ও পরিকল্পনা (Environmental Policy and Planning) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ কূটনীতি এবং বৈশ্বিক পরিবেশ বিষয়ক নীতিনির্ধারণী কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্বে ড. ফাহমিদা খানম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাসেল কনভেনশনের (Basel Convention) বাস্তবায়ন ও পরিপালন কমিটির (Implementation and Compliance Committee) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ১৮তম কনফারেন্স অব দ্য পার্টিজ (COP-18) পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া মিনামাতা কনভেনশনের (Minamata Convention) নির্বাহী কমিটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত ব্যুরো সদস্য হিসেবে ২০২৭ সালের কনফারেন্স অব দ্য পার্টিজ (COP) পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক আন্তর্জাতিক পরিবেশবিষয়ক কনভেনশন ও বহুপাক্ষিক প্রক্রিয়ায় ন্যাশনাল ফোকাল পয়েন্ট (National Focal Point) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর ড. ফাহমিদা খানম পরিবেশ সংরক্ষণ, প্রতিবেশ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =