‘রূপা’নিয়ে সাত বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ

দীর্ঘ প্রায় সাত বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি তাঁর নতুন চলচ্চিত্র ‘রূপা’-এর ঘোষণা দেন। এই ছবির মাধ্যমেই প্রেক্ষাগৃহে অভিনয়ে ফিরছেন নব্বইয়ের দশকের অন্যতম সফল এই অভিনেতা। ফিল্মফেয়ার

অনুষ্ঠানে গোবিন্দ তাঁর সহ-অভিনেত্রী রানি স্বর্ণকার-কে পরিচয় করিয়ে দেন, যিনি ‘রূপা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন।

ক্যারিয়ারের নানা উত্থান-পতনের প্রসঙ্গ টেনে গোবিন্দ বলেন, অনেকবারই মানুষ মনে করেছে তাঁর চলচ্চিত্রজীবন শেষ হয়ে গেছে। তবে প্রতিবারই তিনি নতুন করে ফিরে এসেছেন।

তিনি বলেন, “হয়তো এটাই আমার ভাগ্য ছিল যে আমাকে বারবার বাতিল বলে মনে করা হয়েছে। অনেকেই বলতেন, আমি আর সিনেমায় ফিরব না। কিন্তু আমি সব সময়ই নতুন করে শুরু করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, ‘রূপা’ আমার কল্পনার মতোই সফল হোক এবং দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠুক।”

গোবিন্দ আরও বলেন, তিনি চান দর্শকরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত হোক এবং বিশ্বাস করুক যে সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিতে পারে।

সংবাদ সম্মেলনে নিজের জীবনে ১৪ সংখ্যার বিশেষ গুরুত্ব নিয়েও কথা বলেন এই অভিনেতা। সংখ্যাতত্ত্বে বিশ্বাসী গোবিন্দ জানান, মাত্র ১৪ বছর বয়স থেকেই তিনি এ বিষয়ে আস্থা রাখতে শুরু করেন।

তার ভাষায়, “ঈশ্বরের কৃপায় এক সপ্তাহেই আমি ১৪টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর টানা ১৪ বছর সুপারস্টার হিসেবে কাজ করেছি। পরে ১৪তম লোকসভার সদস্য নির্বাচিত হই। এরপর আবার প্রায় ১৪ বছর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এবার আর অপেক্ষা করতে চাইনি। নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করছি এটিই হবে আমার নতুন যাত্রার সূচনা।”

গোবিন্দকে সর্বশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ‘রঙ্গিলা রাজা’-তে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ‘রূপা’ তাঁর অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + twelve =