যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সঙ্গে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর জবাবে তেহরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করেছে। ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে এখনও চুক্তির সম্ভাবনা রয়েছে। খবর বাসস
এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় মাত্রায় সংঘাত আবারও তীব্র হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তথ্য অনুযায়ী, ইরান কৌশলগত জলপথে দুটি জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে। এএফপি এ খবর জানিয়েছে।
ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও মঙ্গলবার জানায়, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় আরও একটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, পাঁচ ঘণ্টার অভিযানে উপকূলীয় বুশেহর ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। তাদের ভাষায়, এর উদ্দেশ্য ছিল ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা।’
গত সপ্তাহ থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম ও সরকারি ঘোষণার ভিত্তিতে এএফপি’র হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেখানে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি আবাসিক ভবনসহ কয়েকটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পরে বাহরাইন জানায়, তারা ইরান থেকে ছোড়া কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। মানামায় বিস্ফোরণ ও সাইরেন শোনার পর তেহরানের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে দেশটি।
হরমুজ প্রণালীতে অবরোধ ফেরানোর ট্রাম্পের ঘোষণা ও নতুন করে সংঘাতের ব্যাপক বিস্তার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টাকে অনিশ্চিত করে তুলেছে।