বাংলাদেশে আবাসন ও হাই-টেক খাতে বড় বিনিয়োগে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সঙ্গে জিএম হোল্ডিংসের চুক্তি

ঢাকা, ৬ আগস্ট ২০২৬: বাংলাদেশের আবাসন, শিল্পভিত্তিক হাই-টেক পার্ক ও হসপিটালিটি খাতে বৃহৎ পরিসরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের (CRFG) সঙ্গে কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জিএম হোল্ডিংস লিমিটেড (GMHL)।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দেশবন্ধু গ্রুপের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জিএম হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.কে.এ. শাহীনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের বিজনেস ম্যানেজার ফাং ওয়ানকুন (ড্যানিয়েল) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় দেশের বিভিন্ন স্থানে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও হসপিটালিটি খাতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকার দক্ষিণখানে ‘দাখিনা’ আবাসিক কনডোমিনিয়াম, বগুড়ায় ‘দেশবন্ধু সিটি-০১’ এবং রংপুরে ‘দেশবন্ধু সিটি-০২’ রয়েছে। বগুড়ার প্রকল্পে শপিং মল, করপোরেট অফিস ও হোটেল টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। রংপুরের প্রকল্পে গড়ে তোলা হবে আধুনিক মিশ্র-ব্যবহারভিত্তিক অবকাঠামো।

এছাড়া পূর্বাচলের ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের মাস্তুল মৌজায় ‘দেশবন্ধু সেন্টার পয়েন্ট’ নামে একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে শপিং মল, করপোরেট অফিস, হোটেল ও আবাসিক কনডোমিনিয়াম নির্মাণ করা হবে।

সমঝোতার আওতায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে ‘দেশবন্ধু হাই-টেক পার্ক’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সেখানে শিল্প ভবন, প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যালয়সহ শিল্প সহায়ক আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক, হোটেল ও রিসোর্ট সুবিধাসংবলিত একটি মিশ্র-ব্যবহার প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম ওয়াং, মার্কেটিং ম্যানেজার তিয়ান ইউ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার লি চেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ সমঝোতা বাংলাদেশের আধুনিক নগরায়ণ, শিল্পায়ন ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে এটি দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 6 =