ইতিহাস গড়তে ভারতে পা রাখছে বিগ ব্যাশ, উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবার ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের একটি ম্যাচ। আগামী ১২ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এ ঘোষণা দেন। ম্যাচটি দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজিত বিশেষ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বিগ ব্যাশের ১৬ আসরের ইতিহাসে এই প্রথম বিদেশের মাটিতে কোনো ম্যাচ আয়োজন করা হচ্ছে। আয়োজকরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে আরও বড় ক্রিকেট সহযোগিতার পথ তৈরি করবে।

চেন্নাইয়ের ম্যাচটি রেনেগেডসের ‘হোম’ ম্যাচ হিসেবে গণ্য হবে। শেফিল্ড শিল্ডের ম্যাচ শেষ হওয়ার পর দুই দল ভারতে গিয়ে কয়েক দিন অনুশীলনের সুযোগ পাবে। ম্যাচ শেষে তারা অস্ট্রেলিয়ায় ফিরে টুর্নামেন্টের বাকি সূচিতে অংশ নেবে।

যদিও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা থাকে, তবুও আয়োজকরা আশাবাদী যে ম্যাচটি নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি পূর্ণ থাকবে বলেও আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিগ ব্যাশ লিগের নির্বাহী মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডবসন বলেন, বিদেশের মাটিতে ম্যাচ আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও ক্রিকেটপ্রেমী ভারতের মতো বিশাল বাজারে এই উদ্যোগ ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

আগামী সপ্তাহে বিগ ব্যাশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 10 =