এবারের অস্কারের দৌড়ে বাংলাদেশি পাঁচ সিনেমা

অস্কার বাংলাদেশ কমিটির কাছে এবার জমা পড়া সিনেমাগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা সিনেমাগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

সিনেমাগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারপারসন করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে।

নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করে কমিটির সদস্যরা জমা পড়া সিনেমাগুলো দেখবেন ও পর্যালোচনা করবেন। এরপর যৌথ আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে একটি সিনেমাকে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করা হবে।

সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্কার বাংলাদেশ কমিটিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 5 =