ব্র্যান্ড মূল্যে বলিউডের শীর্ষে আলিয়া ভাট

ঢাকা, ৭ আগস্ট: সিনেমার সাফল্যের পাশাপাশি তারকাদের জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্যও এখন বলিউডে সাফল্যের অন্যতম মাপকাঠি। সেই দৌড়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।

ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ভারতের সবচেয়ে মূল্যবান নারী অভিনেত্রী এখন আলিয়া। তার ব্র্যান্ড মূল্য প্রায় ৯৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা।

শুধু নারী তারকাদের মধ্যে নয়, সামগ্রিক তালিকাতেও শক্ত অবস্থানে রয়েছেন আলিয়া। এমনকি ব্র্যান্ড মূল্যের দিক থেকে তিনি পেছনে ফেলেছেন স্বামী ও অভিনেতা রণবীর কাপুরকে। রণবীরের ব্র্যান্ড মূল্য প্রায় ৮০ মিলিয়ন ডলার।

নারী তারকাদের তালিকায় আলিয়ার পর রয়েছেন দীপিকা পাড়ুকোন, যার ব্র্যান্ড মূল্য প্রায় ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার, এবং রশ্মিকা মন্দানা, যার মূল্য প্রায় ৭৫ দশমিক ২ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে একজন তারকার ব্র্যান্ড মূল্য নির্ধারণে শুধু সিনেমার আয় নয়—সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বিজ্ঞাপনী চুক্তি, আন্তর্জাতিক পরিচিতি ও ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং নিজস্ব ব্যবসায়িক উদ্যোগের কারণে আলিয়া ভাটের বাণিজ্যিক প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে সিনেমার পর্দার পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ডের দুনিয়াতেও নিজের অবস্থান আরও শক্ত করছেন এই বলিউড তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 1 =