শতভাগ জয়ে গ্রুপসেরা মেক্সিকো, দাপটের সঙ্গে শেষ ৩২-এ

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে উঠেছে স্বাগতিকরা।

আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও বিরতির পর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেক্সিকো। ৫৫তম মিনিটে মাতেও শাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র ছয় মিনিট পর চেক রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান কুইনোনেস।

ম্যাচের যোগ করা সময়ে আলভারো ফিদালগো তৃতীয় গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় মেক্সিকোর।

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল মেক্সিকোর। তবে শেষ ম্যাচেও কোনো ছাড় না দিয়ে দাপুটে পারফরম্যান্সে গ্রুপসেরা হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নেয় তারা।

মেক্সিকোর জন্য ম্যাচটির আরেকটি বিশেষ মুহূর্ত ছিল অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়ার মাঠে নামা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে ৪০ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। আগামী ৩০ জুন একই ভেন্যু আজটেকা স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে তারা। অন্যদিকে তিন ম্যাচেই পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে চেক প্রজাতন্ত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 2 =