
যুক্তরাষ্ট্র ৪ প্যারাগুয়ে ১
ফিফা বিশ্বকাপ ২০২৬ অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র লস এঞ্জেলসে অনুষ্ঠিত ডি গ্রূপের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যাবধানে উড়িয়ে দিলো। একতরফা ম্যাচের শুরু থেকে চেপে ধরেছিলো প্যারাগুয়েকে। অস্ট্রেলিয়া এবং তুরুস্ক নিয়ে গড়া ডি গ্রূপ জয়ের ফেভরিট দল হিসাবে যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে এই বিশ্বকাপে গভীরে পৌঁছানোর ইঙ্গিত দিলো। উত্তর আমেরিকার তিন স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র সবাইকে ভালো ভাবে প্রস্তুত মনে হচ্ছে।হয়তো তিনটি না হলেও দুটি দল নিশ্চিতভাবে গ্রূপ অফ ৩২ পেরিয়ে গ্রূপ অফ ১৬ পৌঁছাবে বলে আশ্বস্ত হওয়া যেতেই পারে।
ম্যাচের মাত্র ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের সম্মিলিত আক্রমণকে সামাল দিতে ব্যর্থ হয়ে প্যারাগুয়ে মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। একচেটিয়া খেলে স্বাগতিক দল প্যারাগুয়েকে কোনঠাসা করে রাখে। যুক্তরাষ্ট্রের কুশলী ফরোয়ার্ড ফোলারিন বালোগান ৩১ মিনিট এবং প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে প্রথমার্ধেই দলকে ৩-০ গোলে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য বজায় রাখলেও গোল করার জন্য খুব একটা বেপরোয়া মনে হয়নি।
এই সময়ে প্যারাগুয়ে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে কয়েকটি ভালো আক্রমণ চালায়। ৭৩ মিনিটে এমনি একটি আক্রমণ থেকে হুলিও এনসিসো গোল করে ব্যাবধান ৩-১ করে। গোল হজম করে আবারো তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ম্যাচের অন্তিম মুহূর্তে জোভান্নি রেইনার দর্শনীয় গোলে যুক্তরাষ্ট্র ৪-১ ম্যাচ জিতে নেয়। যেভাবে খেলেছে যুক্তরাষ্ট্র ম্যাচ জুড়ে বলা যায় টুর্নামেন্টে ফেভারিট দলগুলোকে যুক্তরাষ্ট্রকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাতে হবে। গোটা মাঠ জুড়ে দাপুটে ফুটবল খেলেছে দল। জানিনা আমাদের অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেয়ানে শেয়ানে লড়াই করতে পারবে কিনা।