ইনজুরি টাইমে মেরিনোর গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন, বিশ্বকাপকে বিদায় রোনালদোর

নাটকীয় ইনজুরি টাইমের গোলে পর্তুগালকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় লা রোজা। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারেরও ইতি ঘটল।

মঙ্গলবার (বাংলাদেশ সময়) ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচটি দীর্ঘ সময় গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর আভাস মিললেও যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে জয়সূচক গোল করেন মেরিনো।

৭০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি প্রত্যাশিত রোমাঞ্চ না ছড়ালেও শেষ মুহূর্তে মেরিনোর গোলে নাটকীয় সমাপ্তি পায়।

ম্যাচের আগে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। কিন্তু বিদায়ী ম্যাচটি সুখকর হলো না পর্তুগিজ মহাতারকার। পুরো ম্যাচে তাকে অনেকটাই নিষ্প্রভ দেখা যায় এবং স্পেনের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় পর্তুগাল।

অপরদিকে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল স্পেন। শেষ ষোলোর ম্যাচেও কোনো গোল হজম না করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ১০ মিনিটে ডানি ওলমোর পাস থেকে মিকেল ওয়ারজাবাল সহজ সুযোগ নষ্ট করেন। পরে লামিন ইয়ামাল ও অ্যালেক্স বায়েনার শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

অন্যদিকে প্রথমার্ধের শেষদিকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। নুনো মেন্ডেসের শট ক্লিয়ার করতে গিয়ে স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে অল্পের জন্য রক্ষা পায় স্পেন।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের বড় ধাক্কা আসে নুনো মেন্ডেস চোট পেয়ে মাঠ ছাড়লে। এরপর কোচ রবার্তো মার্টিনেজ একাধিক পরিবর্তন আনলেও রোনালদোকে পুরো সময় মাঠে রাখেন। তবে ম্যাচের ভাগ্য আর বদলানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ইনজুরি টাইমে মিকেল মেরিনোর নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ে শেষ আটে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল, আর বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ও গৌরবময় অধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + six =